বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহর থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমুল হুদা কালুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে ভাঙ্গুড়া পৌর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল হুদা কালুকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নাজমুল হুদা কালু চাটমোহর থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার অজ্ঞাত আসামি ছিলেন। পরে তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারের পর শনিবার সকালে নাজমুল হুদা কালুকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।