বিএনপি নেতা জাহাঙ্গীর হ/ত্যা/র বিচার দাবীতে কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ, ২০ আগস্ট : সন্ত্রাসী হামলায় নিহত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার দ্রুত তদন্ত পূর্বক জড়িত আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মিঠামইন উপজেলা সদরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। উপজেলা বিএনপির উদ্যোগে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় একই স্থানে এসে শেষ হয়। দল-মত নির্বিশেষে কয়েক হাজার নারী ও পুরুষ মিছিলে অংশগ্রহণ করেন।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিঠামইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহার মিয়া, নিহতের ছোট ভাই আলমগীর শিকদার ও চাচা ফরিদ আহমেদ।
গত ১৫ জুলাই রাতে মিঠামইনে নিজ বাসভবনের সামনে সন্ত্রাসীদের হামলায় ধারালো অস্ত্রের উপুর্যপরি আঘাতে জাহাঙ্গীর নিহত হন।
এ ঘটনায় ১৮ জুলাই নিহত জাহিদুল আলম জাহাঙ্গীরের স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ জানা, মামলার এজাহার নামীয় তিনজন আসামীসহ মোট ৯ জনকে আটক করেছে পুলিশ। তন্মধ্যে তিন আসামীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি বলেন, হত্যার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে তদন্ত পূর্বক চার্জশীট প্রদানে পুলিশ কাজ করে যাচ্ছে।