মাদক বিক্রির প্রতিবাদ করায় সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় সাংবাদিক হাবিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার সহকর্মী রফিকুল ইসলাম ও চাচাতো ভাই শরিফকেও মারধর করা হয়। হামলায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, হোতাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক, বিশেষ করে ইয়াবা ট্যাবলেট বিক্রির প্রতিবাদ জানিয়ে আসছিলেন সাংবাদিক হাবিব। এরই জেরে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। তার চিৎকার শুনে সহকর্মী রফিকুল ইসলাম ও চাচাতো ভাই শরিফ এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, হোতাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছে। তাদের দাবি, এলাকার কিছু পরিবার এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত এবং প্রকাশ্যে মাদক কেনাবেচার কারণে তরুণ সমাজ বিপথে যাচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর আরও অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেও মাদক বিক্রি বন্ধ হচ্ছে না। তারা হোতাপাড়া এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে থানার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।