কুলাউড়ায় বাড়ছে মনু নদীর পানি, আতঙ্কে মানুষ
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলায় টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে কুলাউড়া উপজেলার নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কোথাও মুষলধারে, আবার কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নদ-নদীর পানিও ক্রমাগত বাড়ছে। আশপাশের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে মনু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদ একাত্তর কুলাউড়া কে জানান, টানা বৃষ্টির কারণে মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ২২৫ সেন্টিমিটার এবং চাঁদনীঘাট পয়েন্টে ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বিপৎসীমার ১৫৪ সেন্টিমিটার নিচে, কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ৯৪ সেন্টিমিটার নিচে এবং জুড়ি নদীর পানি ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।