কুবিতে ৪০২ শিক্ষার্থীর মাঝে ৩১ লাখ টাকার স্কলারশিপ বিতরণ
বাবলু দেব, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক অ্যাকাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী শিক্ষাবৃত্তি ও স্পোর্টস শিক্ষাবৃত্তি বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকার চেক ৪০২ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়।
সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষগণ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি, গবেষণায় উৎসাহ এবং আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতার বিষয়ে অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আন্তর্জাতিক অংশীদারত্ব, জ্ঞান বিনিময় এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব। দক্ষতা, সক্ষমতা ও ইতিবাচক মানসিকতার সমন্বয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব। একই সঙ্গে তিনি সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচার ও নিয়ম-শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে বলেন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান কেবল অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং শিক্ষার প্রতি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন।’
উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্ব, গবেষণা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অর্জনকে যথাযথভাবে স্বীকৃতি ও উৎসাহ দেয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা, ফেলোশিপ ও স্কলারশিপ কার্যক্রমের ইতিবাচক দিকগুলো দৃশ্যমানভাবে তুলে ধরতে হবে, যাতে শিক্ষার্থীরা আরও গবেষণামুখী ও উৎসাহিত হয়।’
উল্লেখ্য, মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী শিক্ষাবৃত্তি ও স্পোর্টস স্কলারশিপের আওতায় মোট ৪০২ জন শিক্ষার্থীকে ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০৮ জন শিক্ষার্থী মেধাবৃত্তি, ১৮২ জন শিক্ষার্থী অসচ্ছল মেধাবী শিক্ষাবৃত্তি এবং ১২ জন অ্যাথলেট শিক্ষার্থী স্পোর্টস স্কলারশিপ পেয়েছেন। এছাড়াও ৭ জন শিক্ষার্থীকে ইউজিসি মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়।