নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
আটক হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বেলায়েত খলিফার ছেলে। তিনি আদর্শ গ্রাম বাজারে একটি ফার্মেসি পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন আগে স্থানীয় আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। প্রায় দুই থেকে তিন বছর আগে তিনি শিক্ষকতা ছেড়ে দেন। অভিযোগ রয়েছে, রোববার সকালে তিনি কৌশলে ৯ বছর বয়সী ওই শিশুকে তার ফার্মেসিতে ডেকে নেন। পরে দোকানের পেছনের অংশে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি টের পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পান এবং পরে স্থানীয়দের জানান। এরপর স্থানীয়রা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিশুটির পরিচয় ও ভিডিওটি প্রকাশ বা শেয়ার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
নোট: শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী হওয়ায় তার পরিচয়, ছবি, ঠিকানা বা শনাক্ত করা যায় এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।