বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে এক রাতে ৮ গরু চুরি

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ১০:৩৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে এক রাতে ৮ গরু চুরি

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জলের বাড়ির তিন বাসিন্দার গোয়ালঘর থেকে একই রাতে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌর সদরের চর পাকুন্দিয়া পর্দানি বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী সেলিম মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে চোরের দল বাড়িতে প্রবেশ করে প্রথমে শারীরিক প্রতিবন্ধী জুয়েল মিয়ার গোয়ালঘরের তালা কেটে বাছুরসহ একটি গাভি চুরি করে নিয়ে যায়। এরপর চা-বিক্রেতা নাছির উদ্দিনের গোয়ালঘরে ঢুকে দুটি গরু এবং সবশেষে সেলিম মিয়ার গোয়ালঘরের তালা কেটে চারটি গরু নিয়ে যায়। সব মিলিয়ে একই রাতে তিনটি গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়।

ভোররাতে চুরির বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি।

ভুক্তভোগী নাছির উদ্দিন বলেন, তিনি গোয়ালঘরের পাশেই রাতে ঘুমিয়েছিলেন। হঠাৎ ঘুম ভেঙে গোয়ালঘরের দিকে তাকিয়ে দেখেন, সেখানে কোনো গরু নেই।

অন্য ভুক্তভোগী সেলিম মিয়া বলেন, তাঁর গোয়ালঘরের তালা কেটে চারটি গরু নিয়ে গেছে চোরেরা। এতে তাঁর আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

একই বাড়ির বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক অপু বলেন, “আমিসহ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল, সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির সদস্য স্বপন মিয়া এবং পৌর যুবদলের সভাপতি আলমগীর হোসেন একই বাড়ির বাসিন্দা। এমন একটি বাড়িতে একই রাতে গরু চুরির ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির সদস্য স্বপন মিয়া বলেন, পৌর সদর বাজারের এত কাছাকাছি এলাকায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় তাঁরা হতবিহ্বল। তিনি ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এলাকার বাসিন্দা ব্যবসায়ী কামাল উদ্দিন, গ্রামে বেড়াতে আসা বিল্লাল হোসেন ও অটোরিকশাচালক শরীফ মিয়াসহ স্থানীয় অনেকেই চোর চক্রের সাহস দেখে বিস্ময় প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, “গরুর সঙ্গে ঘুমিয়েও যদি চোরের হাত থেকে গরু রক্ষা করা না যায়, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?” এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন বলেন, পৌর সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক গরু চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁর দাবি, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কোনো পক্ষ পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। এসব ঘটনায় কৃষক ও সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “গরু চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কাজ করছে।”

স্থানীয়রা দ্রুত চুরি যাওয়া গরুগুলো উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ