তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে শতভাগ পাস, জিপিএ-৫ পেল দুই শিক্ষার্থী
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে শতভাগ পাসের পাশাপাশি মানবিক বিভাগ থেকে দুই শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তবে নিয়মিত শিক্ষার্থীদের তুলনায় অনিয়মিত শিক্ষার্থীদের ফলাফল বেশ পিছিয়ে রয়েছে।
জিপিএ-৫ অর্জনকারী দুই শিক্ষার্থী হলেন ময়মুন্নেছা মুনা ও পাপিয়া আক্তার। ময়মুন্নেছা মুনা উপজেলার শ্রীপুর গ্রামের ওয়াদিছ ভূঁইয়া ও শিরিন আক্তার দম্পতির মেয়ে। পাপিয়া আক্তার কুন্দ্রাটি গ্রামের শফিকুল ইসলাম ও হাসনা হেনা দম্পতির মেয়ে।
বিদ্যালয়ের প্রকাশিত ফলাফল অনুযায়ী, নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ জনের সবাই পাস করেছে। মানবিক বিভাগে ৫০ জনের মধ্যে ৩৮ জন এবং নিয়মিত শিক্ষার্থীদের সামগ্রিক হিসাবে ৬২ জনের মধ্যে ৫০ জন কৃতকার্য হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের গড় পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ।
অন্যদিকে, অনিয়মিত শিক্ষার্থীদের ফলাফল হতাশাজনক। বিজ্ঞান বিভাগে ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন পাস করেছে,পাসের হার ৫০ শতাংশ। মানবিক বিভাগে ৫৬ জনের মধ্যে মাত্র ১৮ জন পাস করেছে, পাসের হার ৩২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
সব মিলিয়ে অনিয়মিত ৬৬ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ২২ জন কৃতকার্য এবং ৪৪ জন অকৃতকার্য হয়েছে। ফলে অনিয়মিত শিক্ষার্থীদের সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নিয়মিত শিক্ষার্থীদের সাফল্যের বিপরীতে অনিয়মিত শিক্ষার্থীদের দুর্বল ফল বিদ্যালয়ের সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে অনিয়মিত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনা এবং তাদের ফলাফল উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।