নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: বিমান ও পর্যটনমন্ত্রী মিতা
নাটোর প্রতিনিধি:
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মিতা বলেছেন, কবি জীবনানন্দ দাশের বনলতা সেন, রানী ভবানী এবং বিখ্যাত কাঁচাগোল্লার জেলা নাটোরকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র বা ‘টুরিস্ট হাব’ হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বিশ্বমানের পর্যটন অবকাঠামো, আবাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
শুক্রবার দুপুরে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “নাটোরের উত্তরা গণভবন, রাজবাড়ী, হালতি বিল ও চলনবিলসহ পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু পর্যাপ্ত আবাসন ও আধুনিক পর্যটন সুবিধার অভাবে এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। অনেক মানুষ এখনও নাটোরের পর্যটন সম্ভাবনা সম্পর্কে জানেন না। তাই পরিকল্পিতভাবে নাটোরকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে উন্নত আবাসন, যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব ধরনের পর্যটন সুবিধা সৃষ্টি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে বিকেলে হালতি বিল পরিদর্শন শেষে পাটুল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মিতা।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, “প্রতি বছর সারাদেশ থেকে হাজার হাজার পর্যটক নাটোরে আসেন। কিন্তু পর্যাপ্ত আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাবে অনেকেই নিরুৎসাহিত হন। তাই পর্যটকদের জন্য আধুনিক অবকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, ছাবিনা ইয়াসমিন ছবি, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং শরিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।