কুড়িগ্রামের নাগেশ্বরীতে বড় ভাইয়ের হা/মলার অভিযোগে আ/হত ছোট ভাই, বিচারের দাবি
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার কাঠের ব্রিজ সংলগ্ন বাসিন্দা রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, তার বড় ভাই কফিল উদ্দিন (পিতা: মৃত গোলাপ উদ্দিন) দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা ও বসতভিটার সম্পত্তি এককভাবে ভোগদখল করে আসছেন।
ভুক্তভোগীর অভিযোগ, পৈতৃক সম্পত্তিতে তার ন্যায্য অংশ থাকা সত্ত্বেও তাকে জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এমনকি চাষাবাদ, বসবাস ও ভোগদখলের সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া তিনি বন্ধক নেওয়া জমিও ভোগ করতে পারছেন না বলে দাবি করেন।
রফিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী, গত ২৯ জুলাই সকাল আনুমানিক ৭টার দিকে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্ব বিরোধের জেরে তার বড় ভাই কফিল উদ্দিন পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এরপর কফিল উদ্দিন ও তার ছেলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় রফিকুল ইসলাম সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পৈতৃক সম্পত্তিতে তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত কফিল উদ্দিনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।