আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদরে আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর অক্টোবরে সারাদেশে বিতরণ শুরু হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভাশেষে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, ২০২৭ সালের জুনের মধ্যে ৪০ লাখ ২০ হাজার কার্ড দেয়া হবে। মোট ১ কোটি ৬০ লাখ পরিবার চার বছরের মধ্যে কার্ড পাবে। এরফলে দেশের সার্বিক দারিদ্র্য হার কমবে।
মন্ত্রী আরও জানান, আগামী ছয় সপ্তাহের মধ্যে সারা দেশের তথ্য সংগ্রহ শেষ করা হবে। কার্ডের সংশোধন, পরিবর্তন চলমান থাকবে। তিন ধাপে তথ্য যাচাই করা হবে। সোনালী, জনতা, কৃষি ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত টাকা তুলতে পারবেন সুবিধাভোগীরা।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপি।
গত রবিবার (২৬ জুলাই) বিকালে কটিয়াদী উপজেলার আচমিতা কার্প হ্যাচারি কমপ্লেক্স, বেতালের ডোবা (জলাশয়), জনসভাস্থল হিসেবে নির্ধারিত কটিয়াদী কলেজ মাঠ, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আচমিতা খেলার মাঠ পরিদর্শন করেন তারা।
এ সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আশফাক আহমেদ জুন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ,কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন এবং জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতীয় মৎস্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট কটিয়াদী সফর করবেন।