টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন: ছাত্রলীগ নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা
মো: আল-মাহফুজ শাওন:
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৭৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় ‘৩৬ জুলাই’ নামে স্মারক তোরণ নির্মাণ করে।
ওসি জানান, একই দিন গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দেয়। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়। ঘটনার পর ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তদন্তের মাধ্যমে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণটি উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।