কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
এ সময় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী,জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী , সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন ও ফয়সাল প্রিন্সসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।