জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাল কেএমপি
মো: আল-মাহফুজ শাওন:
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কেএমপি জানায়, জুলাই গণঅভ্যুত্থানে যারা দেশের স্বাধীনতা, ন্যায়, অধিকার ও গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শান্তি, ন্যায়, মানবিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের অঙ্গীকার আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পুলিশ কমিশনারের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি কেএমপির গভীর শ্রদ্ধা এবং তাঁদের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকারও প্রকাশ পায়।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স); জনাব এম. এম. শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) ভারপ্রাপ্তসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় কেএমপির কর্মকর্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
কেএমপি কর্তৃপক্ষের ভাষ্য, শহীদদের আত্মদান শুধু একটি নির্দিষ্ট সময়ের ঘটনা নয়; বরং ন্যায়, মানবিকতা, অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের অম্লান স্মৃতি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।