অষ্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার লাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী।
আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থেকে ব্যক্তিগত কাজে সময় ব্যয়, দায়িত্ব পালনের পরিবর্তে স্টলে বসে আড্ডা দেওয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম এবং সরকারি পানি উন্নয়ন বোর্ডের পাথর চুরিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।
তারা বলেন, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অভিযোগের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ সময় বিদ্যালয়ের দায়িত্বরত একজন শিক্ষক জানান, তিনি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ক্রয়ের কাজে অষ্টগ্রাম বাজারে গেছেন। পরে তার বক্তব্য নেওয়ার জন্য মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।