কেএমপি'র পরিদর্শক হাফেজ মো. নুর হোসেনের অবসর
মো. আল-মাহফুজ শাওন:
প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনের সফল সমাপ্তি ঘটেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পরিদর্শক হাফেজ মো. নুর হোসেনের। সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ এই পুলিশ কর্মকর্তার দীর্ঘ ৩৯ বছর ৭ মাস ২৪ দিনের কর্মজীবন সহকর্মীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
জানা যায়, ১৯৮৬ সালের ৪ সেপ্টেম্বর তরুণ বয়সে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন হাফেজ মো. নুর হোসেন। দেশপ্রেম, সততা এবং মানুষের সেবার দৃঢ় প্রত্যয়কে সঙ্গে নিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চাকরি জীবনে নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে পদোন্নতির মাধ্যমে পরিদর্শক পদে উন্নীত হন।
পবিত্র কুরআনের হাফেজ হিসেবে তিনি কেবল একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নন, বরং ধর্মীয় মূল্যবোধের একজন আদর্শ অনুসারীও। খুলনা মেট্রোপলিটন পুলিশ জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে টানা ২২ বছর দায়িত্ব পালন করে সহকর্মীদের মাঝে নৈতিকতা, মানবিকতা ও ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিয়েছেন। এছাড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এ ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অসংখ্য পুলিশ সদস্যকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেন। তাঁর কর্মনিষ্ঠা ও সেবামূলক মানসিকতা খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবারের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
অবসর উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে পরিদর্শক হাফেজ মো. নুর হোসেনের দীর্ঘ ও গৌরবোজ্জ্বল অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শান্তিময়, সুখী ও কল্যাণময় অবসর জীবনের জন্য শুভকামনা জানানো হয়।
দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে সহকর্মীদের কাছে তিনি একজন সৎ, আদর্শবান ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।