তাড়াইলে পেঁয়াজের কেজি একলাফে বেড়ে ৬০ টাকা
রুহুল আমিন, তাড়াইল:
কদিন আগেও বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে ৩০-৩৫ টাকায়। বৃষ্টি-বন্যায় সব ধরনের শাক-সবজির দাম বৃদ্ধির মধ্যে এবার পেঁয়াজের দামও বাড়লো একলাফে ২৫ টাকা পর্যন্ত।
শনিবার (২৫ জুলাই) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজার ঘুরে পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা যায়।
বাজারে ঘুরে দেখা যায়, খুচরায় প্রতি কেজি ভালো মানের বাছাই করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। একটু মাঝারি মানের বা তুলনায় ছোট আকারের পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা।
আর পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ছিল। কাঁচামরিচের কেজি ২৮০ টাকা ছাড়ালো।
পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির পেছনে বিভিন্ন এলাকায় বন্যা ও টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, মোকাম থেকে আমাদের এলাকায় পেঁয়াজ পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক এলাকায় গুদামে পানি জমে যাওয়ায় পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে।
তাড়াইল সদর বাজারে পেঁযাজ বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, দেশের প্রত্যান্তঞ্চল থেকে পেঁয়াজ আসে। কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে মোকামেই এখন পেঁয়াজের দাম চড়া। তিনি আরও বলেন, আমরা বাড়তি দামে কিনে আনছি, তাই বাধ্য হয়ে আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।