নাটোর সরকারি নার্সিং কলেজে শিক্ষা কার্যক্রম পরিদর্শন
নাটোর প্রতিনিধি:
একাডেমিক স্বীকৃতির লক্ষ্যে নাটোর সরকারি নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
শনিবার (২৫ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পরিদর্শন কার্যক্রমে বিএসসি ইন নার্সিং কোর্সের একাডেমিক স্বীকৃতি মূল্যায়ন দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহা. আখতারুজ্জামান।
এ সময় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপপরিচালক ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল কলেজের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, আবাসনসহ বিভিন্ন অবকাঠামো ও সুবিধা সরেজমিনে ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
নাটোর সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ ডা. মোহা. ফয়জুর রহমান জানান, চলতি বছরের ৫ মে থেকে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এর আগে রাজশাহী মেডিকেল কলেজের একটি প্রতিনিধিদলও কলেজের একাডেমিক কার্যক্রম পরিদর্শন করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় মূল্যায়ন শেষে খুব শিগগিরই কলেজটি একাডেমিক স্বীকৃতি অর্জন করবে।