জীবিকার নতুন আশার আলো: শফিকুল কে অটোরিকশা উপহার দিলেন এমপি আনু
নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার খাজুড়া ইউনিয়নের থলকুড়ি গ্রামের অসচ্ছল বাসিন্দা শফিকুল ইসলামের জীবিকা নির্বাহের জন্য একটি অটোরিকশা উপহার দিয়েছেন ৬০-নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
শনিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্যের পক্ষে উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক শফিকুল ইসলামের হাতে অটোরিকশার চাবি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কাজল সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও কর্মহীন মানুষের হাতে উপার্জনের মাধ্যম তুলে দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এককালীন সহায়তার পরিবর্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে দরিদ্র পরিবারগুলো দীর্ঘমেয়াদে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারে।
তারা আরও বলেন, সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় শফিকুল ইসলামকে জীবিকা নির্বাহের জন্য এই অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।
অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের কারণে পরিবারের ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছিল। নিজের কোনো স্থায়ী আয়ের উৎস ছিল না। সংসদ সদস্যের দেওয়া এই অটোরিকশা আমার পরিবারের জন্য নতুন আশার আলো। এখন নিয়মিত অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণ-পোষণের পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচও বহন করতে পারব। এজন্য আমি সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
স্থানীয়রা জানান, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের অসচ্ছল মানুষের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।