খুলনাসহ সারা দেশে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে, দালালকে টাকা না দেওয়ার আহ্বান
মো: আল-মাহফুজ শাওন:
খুলনাসহ সারা দেশে ধাপে ধাপে চালু হচ্ছে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’। পরিবারভিত্তিক সামাজিক সহায়তা নিশ্চিত করতে এ কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে কার্ড প্রদান করা হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সবাইকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কার্ড পেতে কোনো ব্যক্তি বা দালালকে টাকা-পয়সা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনা খরচে প্রদান করা হবে। তাই কার্ড করে দেওয়ার কথা বলে কেউ টাকা দাবি করলে তাকে কোনো অর্থ না দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে বলা হয়েছে, কেউ টাকা দাবি করলে সরাসরি অভিযোগ করা যাবে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের কাছে। পাশাপাশি জেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা অথবা খুলনা সদর, খুলনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো যাবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃতভাবে সহায়তার প্রয়োজন রয়েছে—এমন পরিবারগুলোকে তথ্যভিত্তিকভাবে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তা সহায়তার আওতায় আনা। সরকারি তথ্য অনুযায়ী, কর্মসূচিতে পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হবে এবং কার্ডটি পরিবারের নারী প্রধানের নামে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের টাকা-পয়সা দেওয়ার প্রয়োজন নেই। তাই প্রতারণা ও অনিয়ম রোধে সবাইকে সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি কোনো অনৈতিক লেনদেনের প্রস্তাব পেলে দ্রুত অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আসুন, আমরা সবাই সঠিক তথ্য দিয়ে সরকারের এই জনহিতৈষী কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করি এবং কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার সুযোগ না দিই।