কুলাউড়ায় বন্যার্তদের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ অব্যাহত
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক উদ্যোগ পরিচালিত হচ্ছে।
সোমবার (২০ জুলাই) কুলাউড়া উপজেলার গণকিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বন্যাকবলিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে শতাধিক বন্যার্ত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়।
এ কার্যক্রমে মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার, মেডিকেল টিম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এবং কুলাউড়া থানা পুলিশ যৌথভাবে অংশ নেন। চিকিৎসকরা বন্যার কারণে সৃষ্ট বিভিন্ন রোগের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে জেলার অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও একই ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
বাংলাদেশ পুলিশ জানায়, দুর্যোগকালীন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।