খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
মো: আল-মাহফুজ শাওন:
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২০ জুলাই) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়নের সদস্য ও সাংবাদিকরা। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলায় খুলনা সাংবাদিক ইউনিয়ন সবসময় ঐক্যবদ্ধ থাকবে। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই হবে নবনির্বাচিত কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।
এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ইউনিয়নের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে আনোয়ারুল ইসলাম কাজল সভাপতি এবং বিমল সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত নেতৃবৃন্দও দায়িত্ব গ্রহণ করেন।