নাটোরে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা
নাটোর প্রতিনিধি:
নাটোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে সাতজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২০ জুলাই) নাটোর শহর, লালপুর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় চারজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।
লালপুর উপজেলার দণ্ডপ্রাপ্তরা আসামীরা হলেন— মো. ডাবলু হোসেন (৪৬), মো. সোহেল (৩৭), মো. সোলেমান ব্যাপারী (৪৫) ও মো. মৃদুল হোসেন (২৫)। এছাড়া নাটোর শহরের পড়ুয়ারপাড়া এলাকার জাহিদুল ইসলাম ও তুষার মিয়া এবং নলডাঙ্গা উপজেলার বিপ্র-বেলঘড়িয়া ইউনিয়নের কাঠুয়াগাড়ী গ্রামের জিহাদকে পৃথক ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ বাবু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শীপন খান।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, "মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা একযোগে চালিয়ে যাওয়া হবে।" প্রশাসনের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।