প্রতিষ্ঠার ৬ বছর: হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রতিষ্ঠার ছয় বছর পূর্তি উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর পরিবেশে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেস ক্লাব। সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এ নৌভ্রমণ আনন্দ, সম্প্রীতি ও পেশাগত বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
রবিবার (১৯ জুলাই) সকাল ৮টায় তাড়াইল পুরাতন ডাকবাংলো সংলগ্ন ট্রলারঘাট থেকে নৌভ্রমণ শুরু হয়। ট্রলারযোগে প্রেস ক্লাবের সদস্যরা কিশোরগঞ্জের নয়নাভিরাম হাওরাঞ্চল মিঠামইন ও নিকলি ভ্রমণ করেন। হাওরের বিস্তীর্ণ জলরাশি, নির্মল বাতাস ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে দিনভর আনন্দ-আড্ডা,স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান তারা।
নৌভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল ট্রলারে রান্না করা দেশীয় খাবার। হাওরের টাটকা বিভিন্ন প্রজাতির মাছ,দেশি মুরগির মাংসসহ নানা সুস্বাদু খাবারের আয়োজন সদস্যদের ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে।
উল্লেখ্য,তাড়াইল উপজেলা প্রেস ক্লাব ২০২০ সালের ১৮ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা,স্থানীয় সমস্যা-সম্ভাবনা তুলে ধরা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের মাধ্যমে তাড়াইল উপজেলার গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস বলেন,“ছয় বছরের এই পথচলায় সহকর্মীদের আন্তরিকতা ও জনগণের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই নৌভ্রমণ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় নতুন উদ্দীপনা যোগাবে। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের পাশে থাকতে তাড়াইল উপজেলা প্রেস ক্লাব অঙ্গীকারবদ্ধ।”
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুধু আনন্দভ্রমণ নয়, এটি আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় তাড়াইল উপজেলা প্রেস ক্লাব আগামী দিনেও সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রেখে জনস্বার্থে কাজ করে যাবে।”
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং অর্থ সম্পাদক ওমর খান সানি। এ সময় প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। দিনব্যাপী নৌভ্রমণ শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।