তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
রুহুল আমিন, তাড়াইল:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের কৃতী সন্তান, তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, গরীবের আশ্রয়স্থল ও গণমানুষের নেতা কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন-এর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (১৮ জুলাই)। এ উপলক্ষে পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন উপজেলার সাচাইল গ্রামের মরহুম আমানী ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন তাড়াইলের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৮ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা, যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সৎ নেতৃত্ব এবং সহজ-সরল জীবনযাপনের কারণে তিনি তাড়াইলবাসীর কাছে একজন জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
২০১৮ সালের ১৮ জুলাই তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে তাড়াইলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। তবে তাঁর কর্ম, সততা ও জনসেবার আদর্শ আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ বলেন, কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন ছিলেন একজন জনবান্ধব, নীতিবান ও উন্নয়নমুখী জনপ্রতিনিধি। তাড়াইলের উন্নয়ন এবং মানুষের কল্যাণে তাঁর অবদান উপজেলাবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।