জুলাই শহীদ দিবসে ভোলা জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
মিরাজ হোসেন, জেলা প্রতিনিধি, ভোলা:
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান যৌথভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা মহান জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।