আসন্ন হলোখানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে সাবেক চেয়ারম্যান
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলায় আসন্ন হলোখানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন হলোখানা ইউপি’র ৬ বারের বিজয়ী সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ উমর ফারুখ। তিনি প্রতিদিন হলোখানা ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে তার সময়ের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরে এবং বর্তমান বিএনপি সরকারের আগামী দিনের পরিকল্পনা অনুসারে ব্যাপক উন্নয়ন বাস্তবায়নে প্রত্যয় নিয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন। হলোখানা ইউনিয়নের সুভারকুটি মৌজার ঘুঘুমারীতে উঠান বৈঠকে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব উমর ফারুখ উপস্থিত হলে সেখানকার সাধারণ ভোটাররা তাকে বিপুল সমর্থন জানিয়ে আবারো নির্বাচনে অংশগ্রহণের জন্য দাবি জানান। তিনি হলোখানা ইউনিয়নের সুভারকুটি মৌজার বানিয়া পাড়ায় মহিলা ভোটারদের সাথে সম্প্রতি উঠান বৈঠকে উপস্থিত হলে মহিলা ভোটাররা তাকে সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে আবারো চেয়ারম্যান পদে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ উমর ফারুখ তার নিজ বাসভবনে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে মতবিনিময় করলে সেখানেও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে অংশগ্রহণের দাবি জানানো হয়।
বিএনপি নেতা আলহাজ্ব মোঃ উমর ফারুখ একজন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধা ১/১১ এর কারাবরণকারী রাজনীতিক এবং ৬ বারের সফল ইউপি চেয়ারম্যান এবং বর্তমান কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে জাগদলে যোগদান করে। ১৯৭৮ সালে জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হয়ে ১৯৮৬ সাল পর্যন্ত থাকেন এবং কেন্দ্রীয় যুবদলের খাদ্য বিষয়ক সম্পাদকও ছিলেন। ১৯৮৬ সালে জেলা বিএনপির সভাপতি সম্পাদক সহ অধিকাংশ নেতৃবৃন্দ জাতীয় পাটিতে যোগদান করায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। জেলা বিএনপির সংগ্রামী এ নেতার বিরুদ্ধে ১৯৮৭-৮৮ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শতাধিক মিথ্যা, বানোয়াট এবং সাজানো মামলায় নির্মম নির্যাতনের শিকারের পাশাপাশি কারাভোগ করেন। তিনি জানান, ১৯৮৮ সালের কুড়িগ্রাম মজিদা আদর্শ কলেজ মাঠে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদার বিশাল জনসভায় সভাপতিত্ব করেন। ১৯৯৫ সালে তিনি জেলা বিএনপির আহ্বায়ক এবং ১৯৯৬ সালে ২৬, কুড়িগ্রাম-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সূত্রে জানা যায়, ১৯৮২ সাল থেকে কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়নের টানা ৬ বারের সফল চেয়ারম্যান ছিলেন মোঃ উমর ফারুখ। এছাড়াও একটানা ৩০ বছর ছিলেন কুড়িগ্রাম জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি। তিনি জেলার একাধিকবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্বর্ণপদক এবং একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। ২০০৯ সালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হন। তিনি বর্তমানে সর্বশেষ কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন।