খুলনা ওয়াসায় নতুন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান
আল মাহফুজ শাওন :
খুলনা ওয়াসার (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রোববার (১৩ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৩(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে তিন বছরের জন্য খুলনা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদ মনিরুজ্জামান এর আগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সম্পৃক্ত থাকার কারণে তাঁর এই নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন চেয়ারম্যানের নেতৃত্বে খুলনা ওয়াসার পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং নাগরিকসেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।