উখিয়ায় জনস্বার্থে হলদিয়া পালং ইউনিয়ন বিভাজনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি
উখিয়া প্রতিনিধি:
জনস্বার্থে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নকে বিভাজনের দাবিতে এক হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট জমা দিয়েছেন হলদিয়া পালং ইউনিয়নবাসী।
(১২ জুলাই) রবিবার দুপুর ২ ঘটিকার সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় হলদিয়া পালং এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উখিয়া ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি ও বিএনপি নেতা ইদ্রিস মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, মনির আহাম্মদ চৌধুরী, বিএনপি নেতা হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
স্মারকলিপিতে জনস্বার্থে হলদিয়া পালং ইউনিয়নকে বিভাজনের প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লিখিত আহ্বান জানানো হয়। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
স্থানীয়দের দাবি, ইউনিয়নের আয়তন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে নাগরিক সেবা সহজলভ্য করতে প্রশাসনিক পুনর্বিন্যাস সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।