মনিরামপুরে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির অনুষ্ঠিত
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
১১ জুলাই: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অগ্রসর কর্মীদের নিয়ে একদিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আরশাদুল ইসলাম এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক ফজলুল হক। এ সময় উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং অগ্রসর কর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাশিবিরে বক্তারা কর্মীদের আদর্শিক চেতনা, নৈতিক মানোন্নয়ন, ব্যক্তিগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ, সাংগঠনিক শৃঙ্খলা সুসংহতকরণ এবং দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন, মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি এবং দেশ ও জনগণের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে অংশগ্রহণকারী কর্মীদের বিভিন্ন বিষয়ে করণীয় তুলে ধরা হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা জানান, কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।