শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দুই বছর আগে ‘গুম-খুন’ হওয়া যুবককে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক ১১ July ২০২৬ · Saturday · ০৫:১০ অপরাহ্ণ
দুই বছর আগে ‘গুম-খুন’ হওয়া যুবককে জীবিত উদ্ধার
ছবি: যুবক মোস্তফা কামাল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

দুই বছর আগে যে যুবককে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল, সেই যুবককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উদ্ধার হওয়া যুবকের নাম মোস্তফা কামাল (২৮)। তিনি শেরপুর জেলার বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে কুলিয়ারচরে নানাবাড়িতে থাকতেন।

প্রায় দুই বছর আগে তিনি হঠাৎ নিখোঁজ হন। পরে তার পরিবার দাবি করে, তাকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। এ ঘটনায় তার মা মনোয়ারা বেগম আদালতে মামলা করেন।

মামলার প্রধান আসামি করা হয় বাজিতপুরের ঠিকাদার জামান মিয়াকে। অভিযোগ ছিল, মোস্তফা কামালের সঙ্গে তার কয়েক লাখ টাকার আর্থিক লেনদেন ছিল। মামলার পর জামান মিয়া প্রায় চার মাস কারাভোগ করেন।

তদন্তের একপর্যায়ে পুলিশের সন্দেহ হয়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ৯ জুলাই রাতে গাজীপুরের গাছা থানার ডেগেরচালা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি বাসা থেকে মোস্তফা কামালকে জীবিত উদ্ধার করা হয়। তিনি রাজমিস্ত্রির কাজ করছিলেন। একই সঙ্গে তিনি বিয়ে করে নতুন সংসারও গড়ে তুলেছেন বলে জানা যায়।

পুলিশের দাবি, মোস্তফা কামালের আত্মগোপনের বিষয়টি তার পরিবারের সদস্যরা জানতেন। কিন্তু তারা গত দুই বছরে এ তথ্য পুলিশকে জানাননি।

ঠিকাদার জামান মিয়া বলেন, “আমি কোনো অপরাধ না করেও চার মাস জেল খেটেছি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। মিথ্যা অভিযোগের কারণে একজন নির্দোষ ব্যক্তির কারাভোগের বিষয়টি নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এখন তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর সবার।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ