নাটোরে নলডাঙ্গায় এলজিইডির বৃক্ষরোপণ
নাটোর প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বামনগ্রাম আরএইচডি সড়ক থেকে তাহেরপুর জিসি রোড হয়ে রামশার কাজীপুর সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. হারুনার রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুদ তালুকদার, অনিক তালুকদারসহ এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও এর সুফল পাওয়া যাবে।
তারা আরও বলেন, সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে পরিবেশ ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
এলজিইডি সূত্র জানায়, দেশব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় বিভিন্ন সড়কের পাশে পর্যায়ক্রমে বিপুল সংখ্যক বৃক্ষরোপণ করা হবে, যা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।