খুলনার নিরালায় বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ও সিআইডি
মোঃ আল-মাহফুজ শাওন:
খুলনা মহানগরীর অন্যতম নিরাপদ ও সুপরিচিত আবাসিক এলাকা নিরালার প্রান্তিকার ৩ নম্বর গলিতে বস্তাবন্দি অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তায় একটি রহস্যজনক বস্তা পড়ে থাকতে দেখে এক স্থানীয় যুবকের সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিণটানা থানা পুলিশ ও নিরালা পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি একজন নারীর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর পুরো এলাকা ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে খুলনা সিআইডির (CID) ক্রাইম সিন টিমও পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্ত, মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যাকাণ্ড কিনা—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।
এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে হরিণটানা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।