নাটোরে পুলিশ সদস্যদের চিকিৎসাসেবায় বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা
নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা পুলিশের সদস্য এবং তাদের বৈধ নির্ভরশীলদের জন্য উন্নত, সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নাটোর জেলা শাখার সঙ্গে চিকিৎসা সুবিধা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের ফলে জেলার পুলিশ সদস্যরা নির্ধারিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিশেষ সুবিধার আওতায় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নাটোর জেলা শাখার প্রতিনিধিরা।
চুক্তি অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়া এই সুবিধার আওতায় নাটোর জেলা পুলিশের কর্মরত সদস্যদের পাশাপাশি তাদের বৈধ নির্ভরশীল—স্বামী বা স্ত্রী, সন্তান, পিতা ও মাতাও অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নির্ধারিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, চিকিৎসাসেবা গ্রহণের সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে অবশ্যই বৈধ পুলিশ পরিচয়পত্র (Police ID Card) প্রদর্শন করতে হবে। শুধুমাত্র অনুমোদিত সুবিধাভোগীরাই এই সুবিধা পাবেন। একই সঙ্গে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সকল পুলিশ সদস্যকে ভদ্র, শৃঙ্খলাপূর্ণ ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে। কোনো ধরনের অসৌজন্যমূলক বা বিশৃঙ্খল আচরণ গ্রহণযোগ্য হবে না বলেও চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের ব্যস্ততার কারণে অনেক সময় তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে নানা ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে হয়। এই বাস্তবতা বিবেচনায় তাদের এবং তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল রাজা বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সুস্থতা নিশ্চিত করা আমাদেরও সামাজিক দায়িত্ব। এই সমঝোতার মাধ্যমে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সহজে এবং বিশেষ সুবিধায় চিকিৎসাসেবা পাবেন। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন উদ্যোগে আমরা জেলা পুলিশের পাশে থাকব।”
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। দায়িত্ব পালনের পাশাপাশি তাদের এবং পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসেবার নতুন দৃষ্টান্ত সৃষ্টি হলো। আমরা আশা করি, এই উদ্যোগ পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও সেবার মান আরও বৃদ্ধি করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নাটোর জেলা শাখার সভাপতি ডা. গোলাম মোহাম্মদ নাসের, রাজশাহী বিভাগীয় ও নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল রাজা, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম ননী, কোষাধ্যক্ষ মো. মাহামুদুল ইসলাম রাজু এবং নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এই সমঝোতার মাধ্যমে নাটোর জেলা পুলিশের সদস্য ও তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সমঝোতা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জনসেবার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।