তাড়াইলে পল্লী উন্নয়ন দিবসে র্যালি, আলোচনাসভা ও গাছের চারা বিতরণ
রুহুল আমিন, তাড়াইল:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তাড়াইলের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম,
স্বাগত বক্তব্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোবারক হোসেন খান বলেন,গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন,দারিদ্র্য বিমোচন,কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ভিত্তিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হচ্ছে শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। কৃষি,সমবায়,ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি,আত্মকর্মসংস্থান এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে পল্লী উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্মার্ট,আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জন আরও সহজ হবে।
বক্তারা আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন,বেকারত্ব হ্রাস,উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে যুবসমাজকে প্রশিক্ষণ,সহজ ঋণ এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিআরডিবির সুফলভোগী,সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার সুফলভোগীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ,সবুজায়ন এবং টেকসই পল্লী উন্নয়নের লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।