মাদকবিরোধী আন্দোলনে উত্তর কুমেরপুর যুবসমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠতা আব্দুল গনি মিয়া
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:
"মাদককে না বলুন, নিজের জীবনকে ভালোবাসুন"—এই স্লোগানকে সামনে রেখে গত ২৯ জুন (সোমবার) কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচি পালন করেন উত্তর কুমেরপুর যুবসমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গনি মিয়া।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক আলোচনা ও পথসভা করেন। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা জরুরি। পরিবার থেকেই মাদক প্রতিরোধের সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ। আসুন, আমরা সবাই মাদককে না বলি, নিজের জীবন, পরিবার ও সমাজকে ভালোবাসি। খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলি।”
একই দিন বিকেলে নিজ বাসভবনে ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রায় ২৫০টি জার্সি যুবকদের মাঝে বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিউচার ড্রিম কোচিং-এর পরিচালক মোহাম্মদ ফখরুল মিয়া, বিশিষ্ট সমাজসেবক আলম মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলম মিয়া বলেন, “আসুন, আমরা সবাই মাদককে না বলি, নিজের জীবনকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি এবং সমাজকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
বক্তারা যুবসমাজকে মাদক, কুসঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।