নাটোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
নাটোর প্রতিনিধি:
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নাটোরের উদ্যোগে সোমবার (৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং উপকারভোগীদের মাঝে পুরস্কার বিতরণ।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির সদস্য, সমবায়ী, নারী উদ্যোক্তা, উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম. এ. হান্নানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিআরডিবির উপকারভোগীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিতে হবে। পল্লীর মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ এবং সমবায় কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বিআরডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং উৎপাদনশীল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখা এবং সফল উপকারভোগীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে একই প্রতিপাদ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলাতেও জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে সেখানে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা রাকিবুল হাসান সুজন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তফা সারোয়ার শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরের আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, সমবায় সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়নকে দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও সম্প্রসারণের আহ্বান জানান। তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারী উন্নয়ন ও যুবকদের কর্মসংস্থানে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব আরও বাড়াতে হবে।
দিবসটি উপলক্ষে নাটোর জেলা ও নলডাঙ্গা উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।