ভাতা বৃদ্ধির দাবিতে নাটোরে ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ধর্মঘটের ঘোষণা
নাটোর প্রতিনিধি:
ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (৬ জুলাই) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের নাটোর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য রাজিব আহমেদ, গুরুদাসপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, বিলদহর এলাকার পোস্টমাস্টার আফরিনা আত্মার মিষ্টিসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা অত্যন্ত স্বল্প ভাতায় দায়িত্ব পালন করছেন। প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে কাজ করতে হচ্ছে, যা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে অমানবিক। তাই বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি, বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান এবং ডাক বিভাগে বিদ্যমান ‘দুই নীতি’ বাতিলের দাবি জানান তারা।
তাদের দাবি, সারা দেশে প্রায় ২৩ হাজার এবং নাটোর জেলায় ৩৪২ জন ইডি কর্মচারী এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। দাবি বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পাশাপাশি দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
সংগঠনের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে পোস্টমাস্টার মাসে ৪ হাজার ৪৬০ টাকা, রানার ৪ হাজার ১৭৭ টাকা এবং পিয়ন ৪ হাজার ৩৫৪ টাকা ভাতা পান। এ অল্প আয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টকর। তিনি জানান, নাটোর জেলায় পোস্টমাস্টার, রানার ও পিয়ন মিলিয়ে ৩৪২ জন কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে কর্মচারীরা বলেন, অন্যথায় সারাদেশে ডাকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।