তাড়াইলে শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা
রুহুল আমিন, তাড়াইল:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের সিংগোয়ারপাড় বাজারে এসকেএম যুব সংঘের কার্যালয়ে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও চশমা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় ভিশন সেন্টার তাড়াইলের আয়োজনে এবং এসকেএম যুব সংঘের সহযোগিতায় এ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করেন ডা.কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা ও পরিচর্যা কেন্দ্র 'ভিশন সেন্টার' তাড়াইল থেকে আগত চিকিৎসক ও সংশ্লিষ্টরা।
এ সময় এলাকার শতাধিক দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীর চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়া এবং চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
বিনামূল্যের চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।