নিকলীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে সড়ক নির্মাণ কাজ
আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার প্রেসিডেন্ট আবদুল হামিদ সড়কটির বেহাল দশা দূর করতে নিকলী থেকে কারপাশা ইউনিয়নের নানশ্রী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে এ সড়কটির নির্মাণ কাজ।উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, এই সড়কের সংস্কার ও উন্নয়নকাজের জন্য এলজিইডি ১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
এলজিইডি সূত্রে জানা যায়, ২০২০ সালে সড়কটি নির্মাণের পর ভারী বর্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়। এছাড়া রাস্তার দুই পাশে জন্মানো হিজল-কড়চ গাছের শিকড় বৃদ্ধির ফলে পাশের প্রটেকশন ব্লকগুলো উপড়ে যায়। ফলে বৃষ্টি হলেই সেসব স্থানে বিপজ্জনক খাদের সৃষ্টি হতো। গ্রামীণ মানুষের অসচেতনতাবশত রাস্তার দুই পাশে গোবর শুকানোর কারণেও সড়কটির পিচ ও কার্পেটিংয়ের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এ নিয়ে চরম দুর্ভোগে পড়েছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
গত ২১ জুন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আনুষ্ঠানিকভাবে এই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন। ইতিমধ্যেই ভৈরবের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিনুল হক ৪ হাজার ৯৫০ মিটার রাস্তার কাজ পুরোদমে শুরু করে দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,দ্রুত গতিতে এগিয়ে চলছে সড়কটির নির্মাণ কাজ।জানা গেছে,নিকলী নতুন বাজার মোড় থেকে ১ কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাই এবং বাকি রাস্তাটুকু পিচ ঢালাই করা হবে। আগে ২০২৩ সালে সড়কটির কিছু অংশ সাময়িক মেরামত করা হলেও তা চলাচলের উপযোগী ছিল না।
এদিকে ভালো রাস্তা ভেঙে নতুন করে কাজ করা হচ্ছে- সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের এমন কিছু সমালোচনাকে ‘অহেতুক’ বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় চালক ও সাধারণ মানুষ। সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াতকারী অটোচালক সুমন,সিএনজিচালক রুবেল ও ট্রাকচালক মনির জানান, একটি কুচক্রী মহল সড়ক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অহেতুক সমালোচনা করছে। সরকার এ সড়কের কাজে হাত দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দিন-রাতে দুর্ঘটনার হাত থেকে পথচারীরা রক্ষা পাবেন। স্থানীয় বাসিন্দারা গুরুত্বপূর্ণ সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে এলজিইডির নিকলী উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, নিকলী থেকে নানশ্রী পর্যন্ত সড়কে যাতে যথাযথ মান বজায় রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করে, সে ব্যাপারে আমাদের কঠোর মনিটরিং ও নজরদারি রয়েছে।আশা করি দ্রুত সময়ের মধ্যে সড়ক নির্মাণ কাজ টি সম্পন্ন হবে।এতে জনগণের ভোগান্তি দূর হবে।যোগাযোগ ব্যাবস্থার আমূল পরিবর্তন হবে।