চরফ্যাশনে ট্রাক্টরচালিত ট্রলির চাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বরিশাল প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার হাজারীগঞ্জ ইউনিয়নে ট্রাক্টরচালিত ট্রলির চাপায় লিয়া আক্তার নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়া আক্তার ওই এলাকার মো. শরীফ আহমেদের মেয়ে। তিনি চেয়ারম্যান বাজার আলিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে লিয়া আক্তার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে একটি ট্রাক্টরচালিত ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেন। নিহতের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হাসান জানান, ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক্টরচালিত ট্রলিটি জব্দ করেছে পুলিশ।