দাবিকৃত চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ীকে গুলি
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা মহানগরীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী এলাকায় আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলাম মানিক নগরীর এম এ বারি সড়ক এলাকার বাসিন্দা রস্তুম মাঝির ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গল্লামারী এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা পরিচালনা করে আসছেন মানিক। ঘটনার সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সায়েল নামে এক ব্যক্তি পূর্বে মানিকের কাছে চাঁদা দাবি করেছিলেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।