শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পদ্মার তীরে গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী; থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ০৬:৩২ অপরাহ্ণ
পদ্মার তীরে গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী; থানায় অভিযোগ

মো: ইসমাইল, রুয়েট প্রতিনিধি :

 রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী পদ্মা নদীর তীরে গোসল করতে গিয়ে স্থানীয় কয়েকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীরা চিকিৎসা গ্রহণের পাশাপাশি রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অনুযায়ী, শনিবার (২৭ জুন) দুপুরে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মীর সজিব, আশিকুর রহমান ও আজমাইন পদ্মা নদীর তালাইমারী এলাকায় গোসল করতে যান। গোসল শেষে নদীর তীরে এক কিশোরকে মাছ ধরার জাল টানতে দেখে তাকে সহায়তা করতে এগিয়ে যান তারা। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের কাপড় রাখা ব্যাগ তল্লাশি করতে শুরু করেন। বিষয়টি জানতে চাইলে কোনো ধরনের পূর্ব বাকবিতণ্ডা ছাড়াই মীর সজিবের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সজিবকে রক্ষা করতে এগিয়ে গেলে আশিকুর রহমান ও আজমাইনকেও মারধর করা হয়। পরে আরও ৮ থেকে ১০ জন ঘটনাস্থলে এসে হামলায় অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিন শিক্ষার্থী আহত হন। হামলার সময় সজিব ও আশিকুর ঘটনাস্থল থেকে বের হতে পারলেও আজমাইন কিছু সময় সেখানে আটকে ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর আশিকুর রহমান প্রথমে মতিহার থানায় গেলে ঘটনাস্থল বোয়ালিয়া থানার আওতাধীন হওয়ায় তাকে সেখানে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে মীর সজিব রুয়েটে ফিরে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারকে বিষয়টি অবহিত করেন। পরে তাঁর উদ্যোগে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরবর্তীতে আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন এবং চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন সংগ্রহ করে বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ‘লাম’ ও ‘জিম’ নামের দুই ব্যক্তিসহ অজ্ঞাত আরও ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তদের একজনের বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের একজনের বিরুদ্ধে পূর্বেও অস্ত্র-সংক্রান্ত মামলার তথ্য রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আহতদের মধ্যে আশিকুর রহমান এক কানে শ্রবণ সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। মীর সজিবের চোখের নিচে আঘাত লেগেছে এবং আজমাইনের হাতে ফ্র্যাকচার হওয়ার আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া তিনজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই একটি পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় রুয়েট শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ