গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে দুর্বৃত্তদের তাণ্ডব; জোরপূর্বক গাছ কর্তন
এস এম কামরুজ্জামান:
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বকচরপাড়া এলাকায় এক সাংবাদিকের পৈতৃক ও মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে মূল্যবান গাছ কেটে নেওয়া এবং প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম শুভ, যিনি গাজীপুর সাংবাদিক পরিষদের আইন বিষয়ক সম্পাদক এবং দৈনিক দেশ বুলেটিন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার পর তাঁর বাবা নজরুল ইসলাম জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিরোধ সৃষ্টি করে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে স্থানীয় মোশারফ বেপারী, রফিকসহ কয়েকজন কথিত ভূমিদস্যু ও তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে সাংবাদিকের পৈতৃক জমিতে অনধিকার প্রবেশ করে। জমির প্রকৃত মালিকদের অনুপস্থিতির সুযোগে তারা কোনো ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বাগানে থাকা পাঁচটি মূল্যবান আকাশমনি গাছ কেটে নিয়ে যায়। কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
পরিবারের সদস্যরা এ বেআইনি কর্মকাণ্ডে বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তারা ভুক্তভোগীদের মারধরের চেষ্টা চালায় এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ বা আইনগত পদক্ষেপ গ্রহণ করলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, এটি কেবল গাছ চুরির ঘটনা নয়; বরং প্রভাব বিস্তার, সম্পত্তি দখলের অপচেষ্টা এবং একটি সাংবাদিক পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের সুপরিকল্পিত কৌশল। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজেদের জানমাল ও পৈতৃক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছে। ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ, গাছ কর্তন এবং ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার ঊর্ধ্বতন পুলিশ প্রশাসন, বন বিভাগ এবং জেলা প্রশাসনের প্রতি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।