কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে বড় মিছিল
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ৭ টার দিকে জেলা শহরের রথখলা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭ টার দিকে জেলা ছাত্রলীগ নেতা তানিম ইসলাম ও কামরুল ইসলাম রতনের নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগের নেতাকর্মী হঠাৎ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি বেশকিছু সময় সড়কে অবস্থান করে বেশ কিছুদূর এগিয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় অংশগ্রহণকারীদের অনেকের মুখে মাস্ক পরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে জেলা ছাত্রলীগ নেতা
তানিম ইসলাম ও কামরুল ইসলাম রতন ছাড়া বাকি মিছিলকারীদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
মিছিলের একাধিক ভিডিও সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের ইশাখাঁ রথখলা সড়ক ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,রথখলা মোড় থেকে তারা মিছিলটি শুরু করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন,”আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।
আজ সকালের মিছিলে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।