হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড কাটাখালীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার:
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাটাখালী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ রশিদ আমিন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি হেলাল উদ্দীন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কর্মী ভাইয়েরা সমগ্র টেকনাফ উপজেলায় ইসলামী আন্দোলনের দাওয়াত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও তারা এ ধারা অব্যাহত রাখবেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ রফিকুল্লাহ এবং হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ হোছাইন।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ মুহাম্মদ ইয়াকুব, মাওলানা নুরুল আলম, নুরুল আমিন, মুহাম্মদ ইসলাম, হাফেজ কবির আহমদ, ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ইসলামী আন্দোলনের দাওয়াত আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।