নুনখাওয়া ইউনিয়নকে উন্নয়নের ধারায় আনতে চান চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোসলেম উদ্দিন খন্দকার
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা-এর ১১ নং নুনখাওয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) মো. মোসলেম উদ্দিন খন্দকার। দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ইউনিয়নের প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। সেই দীর্ঘদিনের আস্থা, ভালোবাসা ও মানুষের পাশে থাকার অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি এবার জনসেবার আরও বৃহত্তর দায়িত্ব নিতে চান।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোসলেম উদ্দিন খন্দকার বলেন, “নুনখাওয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ নদীভাঙনের শিকার। প্রতি বছর অসংখ্য পরিবার ঘরবাড়ি, জমিজমা হারিয়ে মানবেতর জীবনযাপন করে। এই মানুষের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। নির্বাচিত হলে নদীভাঙনকবলিত মানুষের পুনর্বাসন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে কাজী হিসেবে মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়েছি। ঘরে ঘরে আমার পরিচয় রয়েছে। মানুষের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই দল-মত নির্বিশেষে সবার জন্য একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে।”
স্থানীয়দের মতে, বিনয়ী আচরণ, সততা এবং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার কারণে মো. মোসলেম উদ্দিন খন্দকার ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নদীভাঙন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাঁর পরিকল্পনা ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নুনখাওয়া ইউনিয়নের ভোটাররা আশা করছেন, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে নদীভাঙনকবলিত এই জনপদের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।