প্রকৌশলী হাফিজ খান সোহায়েলকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মামুন মাহমুদের অভ্যর্থনা
সোনারগাঁও প্রতিনিধি, মোঃ মঞ্জুর ইসলাম :
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহায়েলকে ফুলেল অভ্যর্থনা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুন মাহমুদ।
গত ১৭ই জুন (বুধবার) অধ্যক্ষ মামুন মাহমুদের আমন্ত্রণে নারায়ণগঞ্জ শহরে এক সৌজন্য সফরে এলে তাঁকে এই অভ্যর্থনা জানানো হয়।
জানা গেছে, প্রকৌশলী হাফিজ খান সোহায়েলের এই সফরে তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া বিএনপির সভাপতি জহীর খান এবং সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল কাশেম বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সফর ও আতিথেয়তার বিষয়ে বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম বাবু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিস্তারিত জানান। তিনি উল্লেখ করেন,
"জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুন মাহমুদ ভাইয়ের আমন্ত্রণে আমরা নারায়ণগঞ্জ শহরে বেড়াতে আসি। পরে জেলা পরিষদ পরিদর্শনে গেলে পরিষদের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর সকলকে নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।"
উষ্ণ আতিথেয়তার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুন মাহমুদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আবুল কাশেম বাবু আরও বলেন, উনার চমৎকার ও আন্তরিক আতিথেয়তায় অতিথিরাসহ আমরা সকলেই অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত।