টিম জার্নালিস্টস কুলাউড়ার নিজস্ব কার্যালয়ের যাত্রা শুরু
মোহাম্মদ আজিজুল ইসলাম
কুলাউড়া উপজেলা প্রতিনিধি
সাংবাদিকদের সংগঠন টিম জার্নালিস্ট'স কুলাউড়া নিজেদের নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু করেছে। সংগঠনের উপদেষ্টা মোক্তাদির হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে হঠাৎ করেই টিম জার্নালিস্ট'স কুলাউড়ার জন্ম হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে সাপ্তাহিক সীমান্তের ডাক পরিবার ও আলোর বাহক পরিবার সংগঠনটিকে তাদের অফিস ব্যবহারের সুযোগ দিয়ে সহযোগিতা করেছে। এজন্য সংশ্লিষ্ট দুই পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মোক্তাদির হোসেন জানান, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংগঠনের নিজস্ব কার্যালয়ের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। নতুন কার্যালয়ের ঠিকানা স্টেশন চৌমুহনী, মনিহার ম্যানশন (২য় তলা), কুলাউড়া।
তিনি সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রিয় সাথী ও সহযোদ্ধারা, আজ থেকে আপনারা টিম জার্নালিস্টসের নিজস্ব কার্যালয় ব্যবহার করতে পারবেন। একটু দেরিতে হলেও আপনাদের বসার ব্যবস্থা করে দিতে পেরেছি। এই বিলম্বের কারণে যদি কেউ মনঃক্ষুণ্ন হয়ে থাকেন, তাহলে দায়িত্বশীলদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সংগঠনের নতুন কার্যালয় চালুর মধ্য দিয়ে টিম জার্নালিস্টস কুলাউড়ার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এর নেতৃবৃন্দ।