নগর পরিচ্ছন্নতায় নতুন উদ্যোগ: শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ময়লার ড্রাম স্থাপন
মোঃ শহিদুল ইসলাম,
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরীকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখার জন্য বুধবার (১৭ জুন) ড্রাম স্থাপন করা হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের নির্দেশনায় টাউন হল মোড়, জিলা স্কুল মোড়, কাচিঝুলি মোড়, হামিদ উদ্দিন রোডের মাথা, নতুন বাজার মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব ড্রাম স্থাপন করা হয়।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা নিরুৎসাহিত করা এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ড্রামগুলো ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে পারবেন, ফলে সড়ক ও জনসমাগমস্থলে ময়লা ছড়িয়ে পড়ার প্রবণতা কমবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচ্ছন্ন নগর গঠনে সকলের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। নির্ধারিত ড্রাম ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব হবে।